পারদ থেকে সোনা! বেঙ্গালুরুর ভারতীয় উদ্ভাবকের নতুন প্রযুক্তি ঘিরে চাঞ্চল্য

Spread the love

পারদকে সোনায় বদলে দেওয়া সম্ভব? এতদিন যা কেবল কল্পবিজ্ঞানের গল্প বলেই মনে হত, এবার সেই অসম্ভবকেই পরীক্ষাগারে বাস্তবে করার দাবি করলেন বেঙ্গালুরুর এক ভারতীয় উদ্ভাবক। বিশেষ ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একটি রাসায়নিক মৌলকে অন্য মৌলে রূপান্তরের প্রযুক্তি তৈরি করেছেন বলে দাবি রাজাহ বিজয় কুমারের। তাঁর তৈরি পদ্ধতিতে পরীক্ষাগারে সোনা, রুপো-সহ একাধিক মৌলের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই অভিনব প্রযুক্তির নাম Gravitoradiophysical Nuclear Transmutation (GNT)। এই আবিষ্কারের জন্য ভারতীয় পেটেন্টও পেয়েছেন কুমার। পেটেন্ট নম্বর 5683222। ২০১৭ সালের ২১ নভেম্বর আবেদন জমা পড়েছিল। প্রায় আট বছর পর ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সেই পেটেন্ট অনুমোদন পায়।

বেঙ্গালুরুর Scalene Energy Research Institute, Organization de Scalene Foundation-এর ডিরেক্টর ও চিফ সায়েন্টিফিক অফিসার রাজাহ বিজয় কুমার। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, GNT প্রযুক্তির সম্ভাবনা শুধু ধাতুর রূপান্তরেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে শক্তি, চিকিৎসা, জেনেটিক্স, শিল্প এবং মহাকাশ গবেষণাতেও এই প্রযুক্তি কাজে লাগতে পারে বলে তাঁর দাবি।

কিন্তু পারদ থেকে সোনা তৈরি করতে হলে আসলে কী করতে হবে? উত্তর লুকিয়ে রয়েছে পরমাণুর নিউক্লিয়াসে। কোনও মৌল কোনটি হবে, তা নির্ধারণ করে তার নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা। সোনার ক্ষেত্রে প্রোটনের সংখ্যা ৭৯, আর পারদের ক্ষেত্রে ৮০। ফলে পারদকে সোনায় পরিণত করতে হলে নিউক্লিয়াসের এই গঠনেই পরিবর্তন আনতে হবে।

প্রচলিত নিউক্লিয়ার পদ্ধতির বদলে বিশেষভাবে তৈরি ফ্রিকোয়েন্সি ব্যবহার করেই সেই পরিবর্তন ঘটানোর দাবি GNT-র। পরীক্ষায় সোনা ও রুপো শনাক্ত হওয়ার কথাও বলা হয়েছে। তবে প্রযুক্তিটি বৃহৎ পরিসরে বাস্তবসম্মত ভাবে সোনা উৎপাদনে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে আরও স্বাধীন পরীক্ষা ও বৈজ্ঞানিক যাচাই প্রয়োজন।

যদি দাবিটি ভবিষ্যতে স্বাধীনভাবে প্রমাণিত হয়, তাহলে একটি মৌলকে অন্য মৌলে রূপান্তরের ক্ষেত্রে GNT প্রযুক্তি নিঃসন্দেহে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বড়সড় আলোড়ন ফেলতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *