দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান। অবশেষে ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ। গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণ করতে সময় নিলেন আট মাস। রবিবার দিল্লিতে পৌঁছন বালেন শাহ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
নেপালের অতীতের প্রধানমন্ত্রীদের অধিকাংশই দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছিলেন। কিন্তু বালেন শাহ সেই পথে হাঁটেননি। তাঁর দীর্ঘ অপেক্ষা নিয়ে নেপাল ও ভারতের রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়েছে। এবার সেই সফর ঘিরেই নতুন করে দুই দেশের সম্পর্কের সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছে কূটনৈতিক মহল।
সোমবার এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রথমে তাঁকে দেওয়া হবে গার্ড অফ অনার। এরপর নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ৩০ মিনিটের একান্ত বৈঠক করবেন বালেন শাহ। দুই প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পরে হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে। বৈঠকে দুই দেশের পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এরপর বালেন শাহের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন মোদি। ভারত ও নেপালের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন নেপালের প্রধানমন্ত্রী। দেশে ফেরার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
এই সফরের প্রস্তুতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই তৎপর ছিল দুই দেশ। নভেম্বরের শুরুতে নেপালে গিয়ে দুই দিনের সফর করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। সফরের প্রস্তুতি ও আলোচ্য বিষয় চূড়ান্ত করাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। এর আগে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।
প্রায় ৩৫ জনের প্রতিনিধি দল নিয়ে ভারতে এসেছেন বালেন শাহ। সেই দলে রয়েছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী খানাল এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার বিয়াঞ্জনকর। ব্যবসায়ী ও সাংবাদিকরাও রয়েছেন প্রতিনিধি দলে। ভারত তাঁকে বেঙ্গালুরু অথবা আমদাবাদে নিয়ে গিয়ে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখানোর প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বালেন। দিল্লিতেই সফর সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই সফরে ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলারের আর্থিক সহায়তা চেয়েছে নেপাল। অনুদান ও ঋণসুবিধার মাধ্যমে এই অর্থ পাওয়ার আশা করছে কাঠমান্ডু। গত ২৬ অগস্ট ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন এবং নতুন পরিকাঠামো তৈরিতে এই অর্থ খরচ করতে চায় নেপাল। সূত্রের খবর, ভারত প্রায় ১৫০ কোটি ডলারের একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে। প্রধানমন্ত্রী মোদির তরফে চমকপ্রদ কোনও ঘোষণারও সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।
তবে আর্থিক সহায়তার পাশাপাশি দুই দেশের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আকাশপথ ব্যবহারের অনুমতি। আন্তর্জাতিক বিমান চলাচল আরও সহজ ও সাশ্রয়ী করতে ভারতের আকাশসীমা দিয়ে অতিরিক্ত প্রবেশপথ চায় নেপাল। ভৈরহাওয়া, নেপালগঞ্জ, মহেন্দ্রনগর ও জনকপুর দিয়ে বিমান চলাচলের অনুমতি চেয়েছে কাঠমান্ডু। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এতদিন এই বিষয়ে সম্মতি দিতে গড়িমসি করেছে দিল্লি। তবে সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থান কিছুটা নরম হয়েছে। বিশেষ করে মহেন্দ্রনগর রুট নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে নয়াদিল্লি।
এর বিনিময়ে ভারতেরও কিছু দাবি রয়েছে। পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান পরিচালনার ক্ষেত্রে নেপালের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছে ভারত। বাগডোগরা বিমানবন্দরটি মূলত বায়ুসেনার ঘাঁটি হলেও সেখানে বেসামরিক বিমান পরিষেবাও চালু রয়েছে। তুলনামূলক কম ভাড়ার কারণে বহু নেপালি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। তবে ভারতের প্রস্তাব নিয়ে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য চেয়েছে নেপাল। একই ধরনের ব্যবস্থা ভৈরহাওয়া বিমানবন্দরের ক্ষেত্রেও চেয়েছে কাঠমান্ডু।
এছাড়া বিহারের রক্সৌলে ভারত একটি বিমানবন্দর তৈরি করছে। সেটির জন্যও নেপালের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছে দিল্লি। তবে প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য না পাওয়া পর্যন্ত এই বিষয়ে সম্মতি দিতে রাজি নয় নেপাল। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি নেপালের একটি প্রতিনিধি দল দিল্লি সফর করেছে।
বালেন শাহের এই সফরে একাধিক ভারতীয় অর্থায়নে তৈরি প্রকল্প উদ্বোধন ও নতুন প্রকল্পের সূচনা হওয়ার কথা। তার মধ্যে অন্যতম অযোধ্যা-জনকপুর সরাসরি রেল সংযোগ। পাশাপাশি ৬৬৯ মেগাওয়াটের লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্প, পানৌতিতে নেপাল পুলিশ অ্যাকাডেমির নতুন ভবন, দারচুলায় সেতু এবং ভৈরহাওয়ায় সমন্বিত চেকপোস্টের মতো প্রকল্পও আলোচনায় রয়েছে।
দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা তৈরি করতে ১০ দফার একটি ভিশন ডকুমেন্ট প্রকাশের সম্ভাবনাও রয়েছে। অর্থনীতি, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, জলসম্পদ, বিদ্যুৎ, বাণিজ্য, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্য—একাধিক ক্ষেত্রকে এই নথির আওতায় আনা হতে পারে। পাশাপাশি একটি যৌথ বিবৃতিও প্রকাশ করবে দুই দেশ।
নেপালের জলবিদ্যুৎ ক্ষেত্রে আরও বড় ভূমিকা নিতে আগ্রহী ভারত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি-র অধীনে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে চায় দিল্লি। অন্যদিকে, ভারতকে বছরে ১,৬৫০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ রফতানির লক্ষ্যমাত্রা নিয়েছে নেপাল। বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রির পরিমাণ বাড়াতে চায় কাঠমান্ডু। বর্তমানে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে নেপাল।
এছাড়াও সীমান্তবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং ভারতীয় অর্থায়নে চলা প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হতে পারে। তিনটি নেপালি ও ভারতীয় শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা, আন্তঃসীমান্ত এলপিজি পাইপলাইন, দীর্ঘতর পেট্রোলিয়াম পাইপলাইন এবং ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলিকে যুক্ত করে সার্কিট তৈরির প্রস্তাবও রয়েছে নেপালের।
শিক্ষাক্ষেত্রেও ভারতের সহযোগিতা চায় কাঠমান্ডু। নেপালে আইআইএম ও আইআইটির শাখা খোলার প্রস্তাব দিয়েছে তারা। বিশেষ করে আইআইটি কানপুরের একটি শাখা তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে প্রযুক্তিগত ও পরিকাঠামোগত সহায়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে যৌথ সহযোগিতাও চাইছে দেশটি।
তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কয়েকটি অমীমাংসিত সমস্যা এই সফরেও মিটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সীমান্ত বিরোধ, ভারতের সঙ্গে নেপালের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি এবং বাণিজ্য ও ট্রানজিট সংক্রান্ত জটিলতা এখনও রয়ে গিয়েছে। ২০২০ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিকদের নিয়োগও বন্ধ রয়েছে। মহাকালী নদীর উপর পঞ্চেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। জলবণ্টনের প্রশ্নে ঐকমত্য না হওয়ায় প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।
সব মিলিয়ে বালেন শাহের এই সফরের সাফল্য নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের উপর। প্রথমত, ভারত কতটা আর্থিক সহায়তা ঘোষণা করে। দ্বিতীয়ত, নেপালের আকাশপথ ব্যবহারের বিষয়ে কোনও চুক্তি হয় কি না। তৃতীয়ত, সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি নিয়ে যৌথ বিবৃতিতে কী অবস্থান জানানো হয়। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এই সফরকে ঐতিহাসিক করে তোলার আশা প্রকাশ করেছেন। তবে শুধু সৌজন্য বিনিময় নয়, বাস্তব ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়, সোমবারের বৈঠকের পরেই তার স্পষ্ট ছবি পাওয়া যাবে।


