পাথরপ্রতিমায় কাটছে না কুমিরের আতঙ্ক

Spread the love

মাঝে তিন দিনের বিরতি। তিন দিন পর আবারও গৃহস্থের পুকুরে দেখা মিলল কুমিরের। এই ঘটনার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে এই ব্লক জুড়ে। বনদপ্তরও চিন্তিত হয়ে পড়েছে। জানা গিয়েছে, পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরী নগর সংলগ্ন এলাকায় খোকন বেরার একটি পুকুর রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বেরা পরিবারের এক সদস্য পুকুরে পা ধুইতে যান। সেই সময় তিনি দেখতে পান পুকুরের পাড়ে মাছ লাফালাফি করছে। এরপরই তিনি ওই মাছের কাছাকাছি যেতেই দেখতে পান একটি বিশালাকৃতির কুমির। সেটি দেখার পরই তিনি আতঙ্কে চিৎকার শুরু করে দেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

খবর দেওয়া হয় ভাগবতপুর বনদপ্তরে।কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এদিন সেটিকে ধরার জন্য সারা রাত ধরে জাল টানা হয়। শেষ পর্যন্ত জল ছেঁচার জন্য পুকুরে চারটি মেশিন বসানো হয়। শুক্রবার সকালের দিকে অনেকটা জল কমে গেলে কুমিরটিকে দেখতে পাওয়া যায়। তখন জাল টেনে বনদপ্তরের কর্মীরা সেটিকে ধরে। বর্তমান কুমিরটিকে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর নদীতে ছেড়ে দেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *