ব্রিটেন সফরে গিয়ে ফের ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এইবার কোনও রাজনৈতিক বার্তার জন্য নয়, বরং এক কাপ চা-কে কেন্দ্র করে। লন্ডনের চেকার্সে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের ফাঁকে মোদিকে চা পরিবেশন করেন ইউকে-ভিত্তিক ভারতীয় চা-উদ্যোক্তা অখিল প্যাটেল। চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করে মোদি লেখেন—“from one chaiwala to another”, অর্থাৎ ‘একজন চায়ওয়ালা থেকে আরেক চায়ওয়ালার কাছে’। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি ও মন্তব্য।
অখিল প্যাটেল ‘আমালা চা’ (Amala Chai) নামের একটি স্টার্টআপ চালান, যা ভারতীয় ঐতিহ্যবাহী চা ইউরোপীয়দের কাছে পৌঁছে দিচ্ছে। মোদির শৈশবে স্টেশনে চা বিক্রির কাহিনি বহুবার উঠে এসেছে রাজনীতির মঞ্চে। সেই পটভূমিতে চা পরিবেশন করা এই দৃশ্য যেন ইতিহাসকেই নতুন করে সামনে আনল।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে ভারতীয় সংস্কৃতির “সফট পাওয়ার” হিসেবে ব্যাখ্যা করেছেন।


