বীরভূমের নানুরের পাপুরি গ্রামের আলামিন মিশনের পাশে পুকুরপাড় থেকে উদ্ধার হওয়া এক মহিলার পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ জুলাই রাতে মৃতদেহটি উদ্ধার করে নানুর থানার পুলিশ, তবে এখনও পর্যন্ত মৃতার পরিচয় সনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুলাই নানুরের খালা গ্রাম থেকে ১৫ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। ২১ জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। মৃতদেহের পাশ থেকে একটি ওড়না উদ্ধার হয়, যেটি দেখে পরিবার দাবি করেছে এটি তাদের মেয়ের। যদিও চূড়ান্ত সনাক্তকরণ সম্ভব না হওয়ায়, ডিএনএ পরীক্ষার পরিকল্পনা করছে পুলিশ।
ঘটনাস্থলে আজ সকালে বোলপুর এসটিপিও ও নানুর থানার ওসির নেতৃত্বে ৫ সদস্যের ফরেনসিক দল পৌঁছে তদন্ত শুরু করেছে। তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ ও ঘটনাস্থলের ছবি তোলেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।


