ঘাটাল-আরামবাগ প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ৬ তারিখ ভাষা মিছিলে অংশ নেবেন ঝাড়গ্রামে

Spread the love

বর্ষার অতিবৃষ্টিতে জেরবার বাংলা। তার উপর ডিভিসির জলছাড়াও যেন মরার উপর খাড়ার ঘা। ফলে ঘাটাল, চন্দ্রকোণা, আরামবাগের মতো একাধিক অঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ প্লাবন পরিস্থিতি। প্লাবিত হয়েছে শহরাঞ্চলেরও বিস্তীর্ণ অংশ। এরই মধ্যে এই প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আগামী ৫ আগস্ট, মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির আরামবাগ এবং সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল যেতে পারেন। সেখানে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখে, ৬ আগস্ট তিনি ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’-এর কর্মসূচিতে অংশ নেবেন। ওইদিন তাঁর নেতৃত্বে ভাষা মিছিল হওয়ার কথা।

ঘাটালবাসীর দীর্ঘদিনের জলযন্ত্রণার স্থায়ী সমাধানে কেন্দ্রের নিষ্ক্রিয়তার মধ্যে রাজ্য সরকার নিজের খরচেই শুরু করেছে ঘাটাল মাস্টার প্ল্যান। তবে তা সম্পূর্ণ হতে এখনও সময় লাগবে। আপাতত মুখ্যমন্ত্রীর এই সফর প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞাও। তাঁর অভিযোগ, বারবার প্রশাসনকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি। যার জেরে প্রতিবার বর্ষার মরশুমেই ডুবে যাচ্ছে একাধিক জনপদ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধারকাজ চালানো হচ্ছে।

সামগ্রিকভাবে, বর্ষার প্রকোপ ও ডিভিসির জলছাড়ায় প্লাবন পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পরিদর্শন রাজ্য প্রশাসনের সক্রিয়তার প্রতীক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *