ডুরান্ডে ইস্টবেঙ্গল গ্যালারিতে বাংলা ভাষার পক্ষে গর্জন: ‘আজকে বাংলাদেশি?’

Spread the love

দেশজুড়ে বাঙালিদের উপর চড়াও বৈষম্যের প্রতিবাদ এবার গর্জে উঠল ফুটবল মাঠ থেকেও। বুধবার ডুরান্ড কাপের এক ম্যাচে নামধারী এফসিকে হারিয়ে যখন উৎসবে মেতেছে ইস্টবেঙ্গল, ঠিক তখনই নজর কাড়ল গ্যালারিতে উড়তে থাকা একটি প্রতিবাদী ব্যানার। লাল-হলুদের সমর্থকরা তুলে ধরেন একটি বিশাল ব্যানার, যেখানে লেখা— ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি / মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি।’

গত কয়েক সপ্তাহ ধরেই গোটা দেশে বাঙালি বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে নথিপত্র থাকা সত্ত্বেও শ্রমিকদের বাংলাদেশি বলে গ্রেফতার করে ফেরত পাঠানো হয়েছে। পরিস্থিতি আরও ঘোলা হয়, যখন দিল্লি পুলিশের তরফে বঙ্গ ভবনে পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে সরাসরি ‘বাংলাদেশি’ ভাষা বলে উল্লেখ করা হয়।

এই বিতর্কের মধ্যে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে দাবি করেন, ‘বাংলা বলে কোনও ভাষা নেই। এটা জাতিসত্তার পরিচয়, ভাষাগত নয়।’ তাঁর এই বক্তব্যে আরও ক্ষুব্ধ হয় বাংলা।

তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে রাজনৈতিক পরিসরের বাইরেও সাধারণ মানুষ, ছাত্রসমাজ, এবং এখন ক্রীড়ামঞ্চ থেকেও উঠে আসছে প্রতিবাদের সুর। ইস্টবেঙ্গলের গ্যালারিতে এই প্রতিবাদ ফুটে উঠল ব্যতিক্রমী এক ভঙ্গিমায়।

উল্লেখ্য, ওই ম্যাচে ইস্টবেঙ্গল নামধারী এফসিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের নকআউট পর্বে প্রবেশ করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *