কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

Spread the love

আগামী ২২ আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি উদ্বোধন করবেন শহরের তিনটি নতুন মেট্রো রুট। সেই অনুষ্ঠানে প্রথা মেনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রেল মন্ত্রক সূত্রে খবর, এবার আর শেষ মুহূর্তে নয়—অনুষ্ঠানের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণপত্রে শুধু নিমন্ত্রণই নয়, পশ্চিমবঙ্গে চলমান রেল প্রকল্প ও অর্থ বরাদ্দের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন ঘিরে আমন্ত্রণপত্র নিয়ে বিতর্ক হয়েছিল। তখন অভিযোগ উঠেছিল, মুখ্যমন্ত্রীকে শেষ মুহূর্তে জানানো হয়েছিল বলে তিনি উপস্থিত থাকতে পারেননি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার সময় হাতে রেখেই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানাচ্ছে রেল মন্ত্রক।

উল্লেখ্য, এনডিএ এবং ইউপিএ—দুই সরকারের আমলেই রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেট্রোর বিস্তারে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ। তবে ২২ আগস্টের অনুষ্ঠানে তিনি আদৌ উপস্থিত থাকবেন কি না, তা এখনও পরিষ্কার নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *