কাঞ্চনা মৈত্রর শিয়ালদহ কাণ্ডে অবশেষে মুখ খোলা, প্রকাশ্যে আনলেন ছবির নাম ‘কপাল’

Spread the love

শিয়ালদহ স্টেশন চত্বরে কয়েকদিন আগে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে দেখা গিয়েছিল রীতিমতো রণং দেহী মূর্তিতে। সবুজ সালোয়ার কামিজে সেজে দুই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ রীতিমতো হতবাক হয়ে যান প্রিয় অভিনেত্রীর এমন চেহারা দেখে। তবে পরে জানা যায় এটি ছিল নতুন ছবির প্রচারণার কৌশল।

অবশেষে মুখ খুললেন কাঞ্চনা মৈত্র। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, ঘটনাটি আসলে তাঁর নতুন ছবি ‘কপাল’–এর প্রচারের জন্যই সাজানো হয়েছিল। তিনি বলেন, “সাম্প্রতিককালে শিয়ালদহ স্টেশনে যে ঘটনা ঘটেছে তা আমার নতুন ছবির প্রচারের জন্য। ছবির নাম ‘কপাল’। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এমনটা করিনি। তবুও যদি কারও মনে আঘাত লেগে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী।”

সেদিনই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলারও। দর্শকদের উদ্দেশে অভিনেত্রী অনুরোধ করে বলেন, “আমাদের ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপনারা দয়া করে ট্রেলারটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করি ছবিটি আপনাদের ভালো লাগবে।”

পরিচালক শুভেন্দু ঘোষের ছবি ‘কপাল’ কুলি, রিকশাওয়ালা, রাস্তার বিক্রেতা ও শ্রমিকদের মতো সাধারণ মানুষের জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি। এই ছবি আগামী ১৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *