করম পুজোর সকালে এক্স হ্যান্ডেলে আদিবাসী সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, আদিবাসী ভাই-বোনেদের শ্রদ্ধা জানাতেই রাজ্যে করম পুজো, ভগবান বিরসা মুন্ডার জন্মদিন, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন এবং হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
চাষাবাদ কেন্দ্রিক এই পুজোয় প্রতিবেশী ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ে ছুটি বরাবরই থাকে। পশ্চিমবঙ্গেও কুরমি সমাজের দাবির পর প্রথমে অঞ্চলভিত্তিক ছুটি দেওয়া হলেও পরে তা সম্পূর্ণ রাজ্য ছুটি হিসেবে ঘোষণা করে সরকার।
মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি। ১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। পণ্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।”


