Spread the love

মা হয়েছেন কয়েক মাস আগেই। তবে এতদিন ছেলের মুখ প্রকাশ্যে আনেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার। এবার উৎসবের আবহে ছোট্ট অন্বয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির অভিনেত্রী। যদিও এখনও সন্তানের মুখ আড়ালেই রেখেছেন তিনি। মা-ছেলের আদুরে মুহূর্তের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া।

২০ সেপ্টেম্বর দুই থেকে তিন হয়েছে সোহিনী সরকারের পরিবার। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন ‘অন্বয়’। মাতৃত্বের পাশাপাশি নিজের কাজও সামলে চলেছেন অভিনেত্রী। সিনেমার প্রচার থেকে সাকসেস পার্টি—ছেলেকে নিয়েই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তাঁকে। ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র সাকসেস পার্টিতেই সোহিনী ও শোভন জানিয়েছিলেন, ছেলের নাম অন্বয়।

জন্মদিনের উদযাপনেও ছোট্ট ছেলেকে সঙ্গে রেখেছিলেন সোহিনী। তবে তখনও অন্বয়ের মুখের উপর ছিল ইমোজি। এবারও মুখ পুরোপুরি প্রকাশ না করলেও ছেলের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

১২ নভেম্বর উৎসবের আমেজে ছেলেকে কোলে নিয়ে একাধিক ছবি পোস্ট করেন সোহিনী। কোথাও মায়ের কোলে নিশ্চিন্তে খেলছে ছোট্ট অন্বয়, কোথাও আবার তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। মাথাভর্তি চুল, ছোট্ট ছোট্ট আঙুল—মায়ের পোস্টে ধরা পড়েছে একরত্তির মিষ্টি উপস্থিতি।

একটি ছবিতে ছেলের দিকে দু’চোখ ভরে তাকিয়ে সোহিনী। অন্য ছবিতে ছোট্ট সোনার মুখে মুখ গুঁজে হাসিতে ভেসেছেন অভিনেত্রী। ছেলেকে আগলে রাখা সেই মায়াময় মুহূর্তই যেন ধরা পড়েছে ক্যামেরায়।

ছবির সঙ্গে আবেগঘন বার্তাও লিখেছেন সোহিনী—‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে…’। মায়ের সেই ভালোবাসার পোস্টে স্বাভাবিকভাবেই অনুরাগীদের ভালোবাসা উপচে পড়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *