দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে ভারতের পক্ষ থেকে বিজয় মালিয়া ও নীরব মোদিকে ফেরানোর ব্যাপারে নানা চেষ্টা। সম্প্রতি দিল্লির তিহার জেলে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) এর প্রতিনিধি দল পরিদর্শন করেন। এরপর থেকেই জল্পনা তুঙ্গে উঠে, এবার ভারতের হাতে আসতে পারে এই হাইপ্রোফাইল পাচারীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, তিহার পরিদর্শনকারীরা সন্তুষ্ট। প্রয়োজন হলে আলাদা ‘এনক্লেভ’ তৈরি করে মালিয়া ও নীরবের মতো বন্দিদের আন্তর্জাতিক মানের ব্যবস্থায় রাখা হবে। তাঁদের সুরক্ষাও নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে এই পরিদর্শন ভারতের পক্ষে সুফল বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা শুধুমাত্র পরিদর্শনের ফলাফল প্রকাশিত হওয়ার।
উল্লেখ্য, বিজয় মালিয়ার বিরুদ্ধে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না ফেরত দেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক ব্যাঙ্ক প্রতারণায় তিনি অভিযুক্ত। গত জুনে মালিয়া ব্রিটেনে একটি পডকাস্টে সাক্ষাৎকারে বলেন, “আমি কোনও অপরাধ করিনি, শুধুমাত্র দেশে ফিরলে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার আশ্বাস চাই।”
অন্যদিকে, নীরব মোদি পিএনবিসহ বিভিন্ন ব্যাংকে জালিয়াতির অভিযোগে দেশ ছেড়ে পালিয়েছেন। বহু বছর ধরে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।


