পুজোর আগে বাড়তি সুবিধা, নোয়াপাড়া-বিমানবন্দর রুটে এবার চলবে সপ্তাহান্তেও মেট্রো

Spread the love

পুজোর আগে কলকাতার যাত্রীদের জন্য এল সুখবর। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলা ইয়েলো লাইনে আর শুধু সপ্তাহের পাঁচদিন নয়, এবার থেকে শনি ও রবিবারেও মেট্রো চলবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম চালু হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য আপ এবং ডাউনে মিলিয়ে মোট ৪৪টি মেট্রো চলবে। শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৮টা ৩২ পর্যন্ত চলবে পরিষেবা। রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৩৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ২২ মিনিটে। প্রতি ৩৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২২ আগস্ট রাজ্যে এসে তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধন করেছিলেন। তার মধ্যে একটি হল এই নোয়াপাড়া-বিমানবন্দর রুট। ২৫ আগস্ট থেকে এই লাইনে মেট্রো চালু হয়েছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ (দমদম বিমানবন্দর) – এই চারটি স্টেশনে আপাতত যাত্রী পরিষেবা মিলছে।

মেট্রো যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভরসা সবসময়ই বেশি। কম খরচে কম সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য প্রতিদিনই পাতালপথে ভিড় থাকে। পুজোর মরশুমে সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। সম্প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর সব রুট মিলিয়ে প্রায় ৮ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করেছেন। এর মধ্যে শুধু ব্লু লাইনে যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষ ৭০ হাজার। তবে ব্লু লাইন নিয়ে যাত্রীদের ক্ষোভও রয়েছে। বারবার দেরি, দরজা বন্ধ না হওয়া কিংবা মাঝপথে দাঁড়িয়ে থাকার মতো সমস্যায় ভুগছেন তাঁরা। অনেকের অভিযোগ, নতুন তিন রুট চালু হওয়ার পর ব্লু লাইন যেন অবহেলিত হয়ে পড়েছে। এদিকে, গ্রিন লাইনে একদিনে ২ লক্ষ ৯ হাজার যাত্রী যাতায়াত করেছেন। শুধু গত তিনদিনেই তৈরি হয়েছে ৭ হাজারের বেশি নতুন স্মার্টকার্ড। সব মিলিয়ে স্পষ্ট, নতুন নতুন মেট্রো রুট চালু হওয়ার পর থেকে প্রতিদিন যাত্রী সংখ্যা লাফিয়ে বাড়ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *