বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ সত্ত্বেও আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। দুই বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল। তল্লাশি ও দীর্ঘ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের সময় বিধায়ক প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন।
দীর্ঘদিন জেলে থাকার পর চলতি বছরে জামিনে মুক্ত হন তিনি। কিন্তু কয়েক মাসের ব্যবধানে গত আগস্টে তাঁর বাড়িতে হানা দিয়ে ইডি আবার গ্রেপ্তার করে। টানা প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে জেলে পাঠানো হয়।
বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানির জন্য কোর্টে নিয়ে যাওয়া হয়। ভ্যান থেকে বের করে কোর্ট লকআপে নেওয়ার ফাঁকেই জীবনকৃষ্ণ দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ করা সম্ভব হবে না। বর্তমানে বিধায়ক জেলেই রয়েছেন।


