বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হলেন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক। আক্রান্তরা হলেন — নাসির শেখ, দিলওয়ার হোসেন ও জালিম শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শ্রমিকরা বিহারের নবীনগর এনটিপিসি ১ নম্বর গেট এলাকায় ফেরির কাজ করেন। গত দু’দিন আগে ফেরি করতে গেলে কয়েকজন ব্যক্তি প্রথমে তাদের বাইকের চাবি কেড়ে নেয়। এরপর আধার কার্ড দেখতে চায় এবং বাংলাদেশি তকমা দিয়ে তিন শ্রমিককে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে।
এই ঘটনায় গুরুতর মানসিক ও শারীরিকভাবে আঘাত পান নাসির, দিলওয়ার ও জালিম। পরে শনিবার রাতে তারা বাড়ি ফিরে আসেন।
এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হুমাইপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শফিকুল শেখ ও চন্দন মণ্ডল অন্যান্য নেতৃত্বরা আক্রান্ত শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


