বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় একাধিক তারকার নাম জড়ানোয় শোরগোল তুঙ্গে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৯.০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় উঠে এসেছে অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ-সহ বেশ কয়েক জন পরিচিত মুখের নাম। খবর ছড়াতেই প্রতিক্রিয়া দিলেন অঙ্কুশ।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, অঙ্কুশ স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। তাঁর বক্তব্য, তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আইনের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। অঙ্কুশের কথায়, “যা কিছু সত্য, তা তদন্তের মাধ্যমেই সামনে আসবে। আমি ভয় পাওয়ার মতো কিছু করিনি।” পাশাপাশি, বিষয়টি নিয়ে অযথা জল্পনা না ছড়ানোর আবেদনও করেন তিনি।
প্রসঙ্গত, মাসখানেক আগেই বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। সেই তালিকায় দক্ষিণী তারকা রানা দগ্গুবতী, বিজয় দেবেরাকোন্ডা, কপিল শর্মা-সহ একাধিক অভিনেতা ও নেটপ্রভাবীর নাম ছিল। পুজোর আগেই তদন্তের স্বার্থে মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে দু’জনেই ইডি দফতরে উপস্থিত হন এবং দীর্ঘ সময় ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডি সূত্রে খবর, তদন্ত এখনও চলমান। কোন তারকা ঠিক কীভাবে এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন, আদৌ ছিলেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই মামলায় সামনে দিনে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।


