রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির ছোঁয়ায় নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, তা এবার দেশজুড়ে স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষাদপ্তরের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলার শিক্ষা ৩.০’ জাতীয় স্তরের মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে।
বুধবার নিজেই সমাজমাধ্যমে এই সুখবর জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, রাজ্যের শিক্ষা প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও শিক্ষার্থী-বান্ধব করে তুলতেই এই পোর্টাল তৈরি করা হয়েছিল। সেই উদ্যোগেরই স্বীকৃতি মিলেছে গভর্ন্যান্স নাও-এর ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডস-এ।
জানা গেছে, ‘এক্সিলেন্স ইন ই-লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম’ বিভাগে এই সম্মান পেয়েছে ‘বাংলার শিক্ষা ৩.০’। অনলাইন শিক্ষাব্যবস্থা, মূল্যায়ন পদ্ধতি ও তথ্য ব্যবস্থাপনাকে একত্রিত করে রাজ্যের স্কুল শিক্ষায় যে ডিজিটাল রূপান্তর ঘটানো হয়েছে, তাকেই জাতীয় স্তরে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।


