তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের এক সহজ-সরল মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সরকারি বৈঠকের গম্ভীর পরিবেশের মাঝেই একটি ছোট্ট খেলনা গাড়ি হাতে নিয়ে তাঁর শিশুসুলভ উচ্ছ্বাস নজর কেড়েছে নেটিজেনদের।
চেন্নাই সচিবালয়ে ভিয়েতনামের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা ভিনফাস্টের এশিয়া অপারেশনসের ম্যানেজিং ডিরেক্টর ফাম সান চাউয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও পরিকাঠামো বিনিয়োগ নিয়ে আলোচনা শেষে বিজয়কে উপহার হিসেবে দেওয়া হয় ভিনফাস্ট VF 8 ইলেকট্রিক এসইউভির একটি ক্ষুদ্র প্রতিরূপ।
উপহারটি হাতে পেয়েই অভিনেতা-রাজনীতিক বিজয়ের অন্যরূপ সামনে আসে। তিনি আগ্রহভরে মডেল গাড়িটির চারটি দরজাই খুলে দেখেন, ভিতরের নকশা খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন এবং গাড়িটিকে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে দেখেন। শেষে হাসিমুখে সেটি টেবিলে রেখে দেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন, “ক্ষমতার শীর্ষে থেকেও এতটা সহজ-সরল থাকা যায়, বিজয় আবার প্রমাণ করলেন।” কেউ লিখেছেন, “এটা একেবারে ‘জাস্ট মেন থিংস’ মুহূর্ত।”
উল্লেখ্য, বর্তমানে প্রশাসনিক ব্যস্ততার পাশাপাশি নিজের শেষ ছবি ‘জনা নায়াগান’ নিয়েও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। তার মধ্যেই এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত তাঁর অনুরাগীদের আরও একবার মুগ্ধ করেছে।


