কলকাতা: বিশ্ব যোগ দিবসের আগে মহানগর জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু করতে সোমবার কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই সূচনা হবে ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক কর্মসূচির। এই অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস-সহ কলকাতার সমস্ত সদ্য প্রাক্তন কাউন্সিলর এবং শহরের বিজেপি ও তৃণমূল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নজির থাকলেও, কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের এভাবে একসঙ্গে আমন্ত্রণ জানানোর ঘটনা এই প্রথম বলে মনে করা হচ্ছে।
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্যে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রেড রোডে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবেই শুরু হচ্ছে ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচি, যা টানা ছ’দিন চলবে।
সূত্রের খবর, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসু-সহ পুরসভার একাধিক প্রাক্তন মেয়র পারিষদ এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর বিকল্প মেয়র নির্বাচনের দাবিতে সই করা কয়েকজন কাউন্সিলর এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন না বলেই জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই পুরভবনে জোর প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার ছুটির দিনেও কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডের নেতৃত্বে পুরসভার অধিকাংশ আধিকারিক উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। প্রশাসনের আশা, এই কর্মসূচির মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে নতুন বার্তা দেওয়া যাবে।


