মুস্তাফিজ বিতর্কে দেশজুড়ে আগুন! ‘দেশদ্রোহী’ তকমায় বিদ্ধ শাহরুখ—বাংলাদেশি পেসার ছাঁটাইয়ের নির্দেশ বিসিসিআইয়ের

Spread the love

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াই কাল হল কলকাতা নাইট রাইডার্সের। ওপার বাংলায় সংখ্যালঘু নিধনের রক্তাক্ত ঘটনার আবহে ভারতের ক্রিকেট ময়দানে বিস্ফোরক রাজনৈতিক ঝড়। ক্ষোভের কেন্দ্রে কেকেআর মালিক শাহরুখ খান—যাঁর গায়ে লাগছে ‘দেশদ্রোহী’, ‘বেইমান’-এর মতো ভয়ংকর তকমা।

বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবে আতঙ্কিত সংখ্যালঘুরা। দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে ভারতকেও। তার প্রতিবাদেই ভারতজুড়ে গর্জে উঠেছে জনরোষ। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার খেলানোকে ‘জাতীয় অনুভূতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

এই প্রবল চাপের মুখে শেষমেশ অবস্থান বদলাতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে অবিলম্বে ছেড়ে দিতে বলা হয়েছে। বোর্ড জানিয়ে দিয়েছে, চাইলে কেকেআর অন্য কোনও বিদেশি প্লেয়ার নিতে পারবে, কিন্তু বাংলাদেশি পেসারের জায়গা আইপিএলে আর নেই।

এই বিতর্কে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর বক্তব্য, সংখ্যালঘু নির্যাতনের মতো গুরুতর বিষয়কে ক্রিকেটের সঙ্গে মেশানো উচিত নয়। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের মত, এমন স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরোপুরি বোর্ডের হাতেই থাকা উচিত।

চলতি আইপিএলে রেকর্ড ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও ছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক বাস্তবতা, জনরোষ আর নিরাপত্তা উদ্বেগের সামনে হার মানল ক্রিকেটীয় সিদ্ধান্ত। আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল শাহরুখ খানের দল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *