নীতীনের ‘নিউ টিম’-এ পুরনো মুখের প্রত্যাবর্তন, বাড়ল বাংলার গুরুত্ব

Spread the love

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দমতো নতুন টিম গড়লেন নীতীন নবীন। সোমবার প্রকাশিত দলের নতুন পদাধিকারীদের তালিকায় জায়গা পেয়েছেন একাধিক পরিচিত ও অভিজ্ঞ মুখ। দীর্ঘদিন আড়ালে থাকা বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও স্মৃতি ইরানির প্রত্যাবর্তনই এই তালিকার অন্যতম বড় চমক। একই সঙ্গে গুরুত্ব বেড়েছে বাংলারও। সর্বভারতীয় স্তরে দায়িত্ব পেলেন মনোজ টিগ্গা এবং মধুছন্দা কর।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের পর দলের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হলেও নতুন দায়িত্ব দিয়ে ফের সংগঠনের মূলস্রোতে নিয়ে এল গেরুয়া শিবির।

অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে হারের পর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে ছিলেন স্মৃতি ইরানি। এবার তাঁকে বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে জাতীয় রাজনীতিতে তাঁর সক্রিয় প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলা থেকেও নতুন টিমে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন দুই নেতা-নেত্রী। ক্যানসার চিকিৎসক মধুছন্দা করকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। আর আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

নতুন তালিকায় আরও একটি বড় পরিবর্তন বিজেপির আইটি সেলকে ঘিরে। দীর্ঘ প্রায় এক দশক ধরে আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্যকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কেকে। একই সঙ্গে দলের মিডিয়া টিমেও বড়সড় রদবদল করা হয়েছে।

তরুণ ও মহিলা নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও নতুন দায়িত্ব দিয়ে ভারসাম্য তৈরির চেষ্টা করেছেন নীতীন নবীন। বিজেপির নতুন এই সাংগঠনিক টিম আগামী দিনে দলের রাজনৈতিক ও নির্বাচনী কৌশলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *