ঠনঠনিয়া কালীবাড়িতে প্রধানমন্ত্রীর আরতির স্মৃতিকে তুলে ধরেই তৈরি বিশেষ মুরাল। দুর্গাপুজোয় বাংলায় এসে মা দুর্গার আরতি করুন নরেন্দ্র মোদি, এমনই আশা চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির।
শারদোৎসবের আবহে নজর কেড়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। পুজোর প্রস্তুতির অংশ হিসেবে সমিতির তরফে উন্মোচন করা হয়েছে একটি বিশাল দেওয়ালচিত্র, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মা দুর্গার আরতি করতে দেখা যাচ্ছে। সম্প্রতি ঠনঠনিয়া কালীবাড়িতে তাঁর আরতি করার ঘটনাকে স্মরণ করেই এই মুরাল তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুজো কমিটি।
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির সম্পাদক প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন ধর্মীয় স্থানে নিয়মিত যান এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। সেই কারণেই তাঁদের ইচ্ছা, এ বছরের দুর্গাপুজোয় প্রধানমন্ত্রী কলকাতায় এসে কোনও পুজোমণ্ডপে মা দুর্গার আরতি করুন।
তিনি বলেন, “ঠনঠনিয়া কালীবাড়ি আমাদের পুজোমণ্ডপ থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ। সেখানে প্রধানমন্ত্রীকে আরতি করতে দেখা গিয়েছিল। তাই আমাদের আশা, দুর্গাপুজোর সময়ও তিনি কলকাতায় এসে মা দুর্গার আরতি করবেন। এর আগে দুর্গাপুজোর সময় বাংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখা যায়নি। তাই এ বছর তাঁকে স্বাগত জানানোর আশা রাখছি।”
উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি এ বছর ৯১তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে এই পুজো কলকাতার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দুর্গোৎসব হিসেবে পরিচিত। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এ বছর এই বিশেষ দেওয়ালচিত্র দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


