যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে ঘিরে শনিবারের বিশৃঙ্খলার দায় নিতে গিয়ে যেভাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে, তা একেবারেই অযৌক্তিক—এমনই স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মেসি-দর্শনের স্বপ্ন ভেঙে ক্ষুব্ধ মানুষের রাগ গিয়ে পড়েছে এক শিল্পীর উপর, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেই মত তাঁর।
শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে তাঁকে নিয়ে শুরু হয় লাগাতার কটাক্ষ। বিষয়টি এতটাই গড়ায় যে অভিনেত্রীর পরিবার, এমনকি তাঁর সন্তানদেরও আক্রমণের মুখে পড়তে হয়। পরিস্থিতিতে মুখ খুলতে বাধ্য হন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।
এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, শুভশ্রী একজন শিল্পী। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেখানে গিয়েছিলেন। নিজের ইচ্ছায় বা কোনও বিশেষ সুবিধা নেওয়ার জন্য তিনি মাঠে হাজির হননি। তবু গোটা ঘটনার দায় তাঁর ঘাড়ে চাপানো হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। রচনার কথায়, এই ঘটনায় শুভশ্রীকে বলির পাঁঠা বানানো হচ্ছে।
একই সঙ্গে রচনা স্বীকার করেন, যাঁরা প্রথমবার মেসিকে সামনে থেকে দেখার আশায় টিকিট কেটেছিলেন, তাঁদের হতাশা স্বাভাবিক। সেই দুঃখ তিনি বুঝতে পারছেন। তবে সেই ক্ষোভ একজন শিল্পীর উপর উগরে দেওয়া ঠিক নয় বলেই স্পষ্ট করেন সাংসদ-অভিনেত্রী।


