বলিউডের তিন মহাতারকার সামনে এবার আইনি অস্বস্তি! শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের ‘বিমল এলাইচি’ বিজ্ঞাপন ঘিরে সরাসরি প্রশ্ন তুলল মহারাষ্ট্র FDA। অভিযোগ, এলাচির আড়ালে নিষিদ্ধ পান মশলারই প্রচার করছেন তিন তারকা।
১১ আগস্ট জারি হওয়া নোটিসে তিন অভিনেতাকেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সোশাল মিডিয়া থেকে প্রচারমূলক পোস্ট সরাতে বলা হয়েছে। শুধু তাই নয়, বিজ্ঞাপনের চুক্তি, পারিশ্রমিক এবং প্রচারের সঙ্গে যুক্ত যাবতীয় নথিও চেয়ে পাঠিয়েছে FDA।
মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডের বক্তব্য, ‘বিমল এলাইচি’কে এমনভাবে বাজারজাত করা হচ্ছে যাতে সাধারণ মানুষের মনে মূল ‘বিমল’ ব্র্যান্ডের সঙ্গে সরাসরি যোগ তৈরি হয়। ফলে এলাচির বিজ্ঞাপনের আড়ালে পান মশলার পরোক্ষ প্রচার হচ্ছে বলেই অভিযোগ।
শাহরুখের বান্দ্রার ‘মন্নত’, অজয়ের জুহুর বাড়ি এবং টাইগার শ্রফের প্রযোজনা সংস্থার ঠিকানায় পৌঁছেছে এই নোটিস। এখন তিন তারকার কাছ থেকেই চাওয়া হয়েছে বিজ্ঞাপনে তাঁদের ভূমিকার বিস্তারিত ব্যাখ্যা।
‘বিমল’ বিতর্কে অবশ্য এর আগেও বলিউডে ঝড় উঠেছে। ২০২২ সালে শাহরুখ ও অজয়ের সঙ্গে একই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তীব্র সমালোচনার মুখে বিজ্ঞাপন থেকে সরে গিয়ে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। এবার সেই একই ব্র্যান্ড ঘিরে আইনি নোটিসে নতুন করে চাপে শাহরুখ-অজয়-টাইগার।


