নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালুর লক্ষ্যে আগামী সোমবার বিধানসভায় বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বিজেপির নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতি ছিল। প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে ইউসিসি কার্যকর করার আশ্বাস দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে।
অভিন্ন দেওয়ানি বিধি হল এমন একটি আইন, যার আওতায় বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়গুলিতে ধর্মভেদে আলাদা আইন না রেখে সব নাগরিকের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। বিজেপির দাবি, এর ফলে আইনের চোখে সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার পাবেন।
নির্বাচনের আগে বিজেপি জানিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ইউসিসি কার্যকর করা হবে। মুর্শিদাবাদের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। বিজেপির সংকল্পপত্রেও এই প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।
অন্যদিকে, ইউসিসি নিয়ে বরাবরই বিরোধিতার সুর ছিল তৃণমূল কংগ্রেসের। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছিলেন, তিনি এই আইনকে সমর্থন করেন না এবং রাজ্যে তা কার্যকর করার বিরোধিতা করবেন। তবে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই ইউসিসি চালুর প্রস্তুতি শুরু হয়েছিল।
সরকারি সূত্রে খবর, চলতি বিধানসভা অধিবেশনেই বিলটি উত্থাপন করা হবে। সোমবার বিল পেশের পর তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলটি পাস হলে পশ্চিমবঙ্গ হবে দেশের সেই রাজ্যগুলির মধ্যে অন্যতম, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ বাস্তব রূপ পেতে চলেছে।


