রাজনীতির ব্যস্ত সূচির মাঝেও নিজের স্বাস্থ্যচর্চা নিয়ে সচেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তিনি। শনিবার ইনস্টা স্টোরিতে স্নিকার্স পরা নিজের পায়ের ছবি পোস্ট করেন অভিষেক, সঙ্গে লেখেন— “যতক্ষণ না লক্ষ্যপূরণ হচ্ছে, দৌড়ে চলো।” মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
এর আগে সেপ্টেম্বর মাসে জিমে তোলা দুটি মিরর সেলফি শেয়ার করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাদা ভেস্ট ও শর্টস পরা অভিষেকের সেই ছবি ঘিরে তখন হইচই পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি, ছবির মানুষটি অভিষেক বন্দ্যোপাধ্যায়!
অভিষেকের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, নিয়মিত ব্যায়াম, নির্দিষ্ট ডায়েট এবং পর্যাপ্ত বিশ্রাম— এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দেন তিনি। রাজনৈতিক কর্মসূচির মধ্যেও স্বাস্থ্যচর্চায় একটুও ফাঁকি দেন না।
তরুণ প্রজন্মের কাছে তিনি এখন কেবল রাজনীতিক নন, বরং এক অনুপ্রেরণাও। তাঁর ফিটনেস রুটিন ও স্টাইল সেন্সে মুগ্ধ বহু অনুরাগী। ফলে ইনস্টায় প্রতিটি পোস্ট মুহূর্তেই হয়ে উঠছে ভাইরাল।


