কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বিভ্রাটে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার পথে কেরলের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে। অতিরিক্ত ভারে বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।”
চারদিনের কেরল সফরে রয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। বুধবার সকালে পাঠানমথিত্তা জেলায় শবরীমালা মন্দিরে যাওয়ার সময়ই ঘটে এই বিপত্তি।



