দিল্লীতে কাজে গিয়ে রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু, দেহ আনার আগে পরিবারের কাছে টাকার চাপ দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
দিল্লীতে রাজমিস্ত্রির কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম সামসুদ্দিন মোমিন (৫৩)। তার বাড়ি সামশেরগঞ্জের নেতৃত্বে ধুলিয়ান পৌরসভার লক্ষীনগর দুই নম্বর ওয়ার্ডে। গত শনিবার দিল্লীতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। সোমবার সকালে বিশেষ গাড়িতে করে তার মৃতদেহ আনা হয় ধুলিয়ানে। পরিবারের অভিযোগ, দিল্লীতে কাজ করার সময় থেকেই সামসুদ্দিন অসুস্থ বোধ করছিলেন। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শনিবার মৃত্যু হয় ওই শ্রমিকের। এদিকে শ্রমিকের মৃত্যুর পর ঠিকাদার নুর ইসলাম ওরফে পুটুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সামসুদ্দিন মোমিনের পরিবার। কাজে যাওয়ার আগে ওই শ্রমিককে মারধর করে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ। শুধু তাই নয়, মৃত্যুর পরও ঠিকাদার নুর ইসলাম নাকি পরিবারের উপর চাপ সৃষ্টি করে শ্রমিকের দেহ আনার আগে ১৫ হাজার টাকা দাবি করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে ঠিকাদার নুর ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কারও উপর কোনো চাপ দিইনি, বরং ওই শ্রমিক কাজে যাওয়ার আগে অগ্রিম প্রায় ২০ হাজার টাকা নিয়েছে। যদিও পরিবারের দাবি, টাকা নেওয়ার কথা জানা ছিল না। শুধুমাত্র চার হাজার টাকা নিয়েছিলো। তারপরেও এভাবে মৃত্যুর পর টাকা দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায়না।


