কূটনৈতিক ক্যালেন্ডারের শেষ বড় সফর—জর্ডন, ইথিওপিয়া ও ওমানে মোদি

Spread the love

আগামী সপ্তাহেই ফের বিদেশ সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র চার দিনে তিন মহাদেশের তিন দেশে—জর্ডন, ইথিওপিয়া এবং ওমান—ঘুরে আসবেন তিনি। সফর শুরু হবে ১৫ ডিসেম্বর, শেষ হবে ১৮ ডিসেম্বর। মধ্যপ্রাচ্যের মনোরম মরুদেশ জর্ডন দিয়েই শুরু হচ্ছে এই যাত্রা। কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষে পা দেওয়া জর্ডনের সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা। জর্ডনের রাজা আবদুল্লা ২ বিন আল হুসেনের সঙ্গেই প্রথম বৈঠকে বসবেন মোদি।

এরপরই ভারতীয় প্রধানমন্ত্রীর গন্তব্য ইথিওপিয়া—এটি তাঁর প্রথম সফর। ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইথিওপিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান দুই দেশের নেতারা। প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ আলোচনার পরিকল্পনা রয়েছে। আফ্রিকায় ভারতের কৌশলগত উপস্থিতি জোরদার করতেই এই সফর গুরুত্ব পাচ্ছে।

সবশেষে মোদি পৌঁছবেন ওমানে। সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে তাঁর দ্বিতীয় ওমান সফর হতে চলেছে এটি। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শক্তি—একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে চান দুই দেশের নেতৃত্ব। ভারত-ওমান বন্ধুত্বের ৭০ বছরের ইতিহাসে এই সফরকে ‘সম্পর্ক আরও গভীর করার সুযোগ’ বলে দেখা হচ্ছে কূটনৈতিক মহলে। তিন দেশের সফর সেরে ১৮ ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *