আদালতে বোমাতঙ্কের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য রাজ্যজুড়ে। মঙ্গলবার একাধিক পোস্ট ও পাসপোর্ট অফিসে হুমকি ইমেল পৌঁছতেই তীব্র আতঙ্ক ছড়ায়। ইমেলে দাবি করা হয়, সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আরডিএক্স ও সায়ানাইড রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। খবর পেতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় অফিস চত্বর। কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পৌঁছে যায় পুলিশ ও বোম্ব স্কোয়াড, শুরু হয় তল্লাশি।
হুমকি বার্তা পৌঁছয় উত্তরবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট থেকে দক্ষিণবঙ্গের কাঁথি পর্যন্ত। কলকাতা, কাটোয়া, নদিয়া, হাওড়া, আসানসোল, কোচবিহার—বিভিন্ন জেলার একাধিক পোস্ট ও পাসপোর্ট দপ্তরে একই ধরনের ইমেল আসে। কলকাতায় লালবাজারের পিছনে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসেও সতর্কতা জারি করা হয়। ব্যারাকপুর হেড পোস্ট অফিসেও ছড়ায় বোমাতঙ্ক। সর্বত্রই দ্রুত অফিস খালি করে তল্লাশি শুরু হয়।
উল্লেখ্য, এর আগে রাজ্যের বিভিন্ন আদালতে একইভাবে আরডিএক্স রাখা হয়েছে বলে হুমকি ইমেল আসে। সেবারও তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। সেই ঘটনার পর সুপ্রতিম সরকার, পীয়ূষ পাণ্ডে ও নন্দিনী চক্রবর্তী-র নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়। নিরাপত্তা জোরদার ও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেয় প্রশাসন।
এদিনের ঘটনাতেও একই তৎপরতা দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতিটি জায়গায় খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ইমেলের উৎস চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও বিস্ফোরক মেলেনি। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে।


