বড়সড় সংগঠনগত সিদ্ধান্তে চমক দিল আম আদমি পার্টি। দলের অন্যতম পরিচিত মুখ রাঘব চাড্ডাকে রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিল আপ নেতৃত্ব। শুধু পদ থেকেই নয়, দলীয় কোটায় তাঁকে আর বক্তব্য রাখার সময় না দেওয়ার জন্যও রাজ্যসভা কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দল। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
দলের তরফে নতুন ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অশোক মিত্তলকে। যদিও কেন আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি আপ নেতৃত্ব। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দলের অন্দরে কি মতভেদ বাড়ছে, নাকি আসন্ন রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখেই এই রদবদল?
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রাঘব চাড্ডা এবং সংসদে দলের অন্যতম মুখ হিসেবেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেই জায়গা থেকেই হঠাৎ করে তাঁকে সরিয়ে দেওয়া এবং বক্তব্য রাখার ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি করা—এই সিদ্ধান্ত যে নিছক নিয়মিত রদবদল নয়, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
তবে পদ হারালেও আপাতত রাজ্যসভার সাংসদ হিসেবেই থাকছেন রাঘব চাড্ডা। কিন্তু এই পদক্ষেপ ভবিষ্যতে তাঁর রাজনৈতিক ভূমিকা কতটা প্রভাবিত করবে, এবং আপের অন্দরে এর কী প্রভাব পড়বে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


