অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছে টলিউড। ঘটনার পাঁচ দিন পর অবশেষে আইনি পথে হাঁটলেন শিল্পী ও কলাকুশলীরা। শনিবার দুপুরে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা।
শুক্রবার রাতে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে জরুরি বৈঠক ডেকে গোটা ঘটনার বিস্তারিত আলোচনা করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, পায়েল দে-সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, অভিনেতার মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আইনি পদক্ষেপ করা হবে।
সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থানায় অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, লাবণী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস-সহ বহু শিল্পী ও কলাকুশলী।
অভিযোগ দায়েরের পর শিল্পীরা সেখান থেকেই টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশে রওনা দেন। বিকেল চারটেয় সেখান থেকেই ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। জানা গিয়েছে, সেই মিছিলে শিল্পী ও কলাকুশলীদের বড় অংশ অংশ নেবেন। প্রিয়াঙ্কা সরকারও মিছিলে হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে আন্দোলনে যেন কোনও রাজনৈতিক রং না লাগে, সেই আবেদনও জানিয়েছেন শিল্পী মহলের একাংশ।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন, দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার পর অভিনেতাকে তোলা হয়। আবার কারও দাবি, সহ-অভিনেত্রীকে জোয়ারের জলের হাত থেকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই শুটিং ইউনিটের সদস্যদের বয়ানে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। পুলিশের হাতে থাকা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে ইউনিটের বক্তব্যেরও অমিল রয়েছে বলে জানা গিয়েছে। ফলে ঠিক কী ঘটেছিল সেদিন, কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা—তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
প্রযোজনা সংস্থার কাছে ইতিমধ্যেই ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছিল আর্টিস্ট ফোরাম। তবে সেই জবাবে সন্তুষ্ট হয়নি সংগঠন। ফলে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি তদন্তের পথেই হাঁটল টলিউডের শিল্পী সমাজ।


