স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রিয়াঙ্কা সরকার। তবুও কঠিন বাস্তবকে মেনে নিয়ে পেশাদারিত্বের পথেই হাঁটলেন তিনি। সূত্রের খবর, শুক্রবার ‘তারকাটা’ সিরিজের অসম্পূর্ণ কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের গভীর শোককে আড়ালেই রেখে কখনও চোখের জল মুছে সহকর্মীদের সঙ্গে স্বামীর ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। আবার কঠিন সময়ে রাহুলের পরিবারের পাশে ‘ঢাল’ হয়ে দাঁড়ানোর পাশাপাশি সন্তান সহজকে আগলে রেখেছেন নিজের বুকের মধ্যে। এতকিছুর পরেও জনসমক্ষে নিজের যন্ত্রণা প্রকাশ করতে চাননি তিনি। বরং কাজের প্রতি দায়বদ্ধতাকেই প্রাধান্য দিয়েছেন।
ঝলমলে বিনোদন জগতের অন্তরালে ব্যক্তিগত শোকের কতটা জায়গা থাকে, তা নিয়ে প্রশ্ন থাকলেও কাজ যে মানুষকে এগিয়ে নিয়ে যায়, তারই প্রমাণ যেন প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত। প্রিয় মানুষকে হারানোর পর গত বারো দিনে শোক প্রকাশের অবকাশটুকুও পাননি তিনি। রাহুলের মৃত্যুর নেপথ্যের রহস্য উন্মোচনে কলকাতার বাইরে ভিন রাজ্যেও ছুটেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত এবং শমীক রায়চৌধুরী পরিচালিত ‘তারকাটা’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। জানা গেছে, এই প্রকল্পে এখনও তিন দিনের শুটিং বাকি রয়েছে। যদিও আগামী সপ্তাহে তাঁর শুটে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির পরিবর্তনে শুক্রবারই কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের কাজ শেষ করতে শুটিংয়ে ফিরতে হয় তাঁকে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ এই সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যুর মর্মান্তিক খবর পেয়ে মাঝপথে কাজ ছেড়ে ছুটে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই অসমাপ্ত কাজ শেষ করতেই এবার ফের শুটিং ফ্লোরে পা রাখলেন তিনি—পেশাদারিত্বের প্রতি দায়বদ্ধতার এক দৃঢ় উদাহরণ হয়ে।


