বিধানসভা ভোটের উত্তাপে জ্বলছে বাংলা, আর সেই আবহেই শিলিগুড়ির জনসভা থেকে বিস্ফোরক বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের সভায় দাঁড়িয়ে তাঁর মন্তব্য— “সব আসনে আমি প্রার্থী। মোদিকে একবার সুযোগ দিয়ে দেখুন।”
এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। অনেকেই মনে করছেন, এই স্লোগান কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিচিত রাজনৈতিক সুরেরই প্রতিধ্বনি, যেখানে তিনি নিজেকে সর্বত্র লড়াইয়ের মুখ হিসেবে তুলে ধরেন।
বাংলা দখলের লড়াইয়ে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি শিবির। প্রায় প্রতিদিনই রাজ্যে এসে সভা করছেন মোদি, প্রতিশ্রুতির ঝাঁপি খুলে মানুষের মন জয়ের চেষ্টা চলছে জোরকদমে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পিছিয়ে নেই। তাঁর হাত ধরেই সম্প্রতি প্রকাশ পেয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহার— ‘ভরসার শপথ’।
সব মিলিয়ে, মোদির “সব আসনে প্রার্থী” মন্তব্যে নতুন করে চড়েছে ভোটের উত্তাপ। এখন দেখার, এই কৌশল বাংলার ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে।


