ভোটের আবহে ফের রাজনৈতিক বিতর্ক বারাকপুরে। ভোটপ্রচারে বেরিয়ে এক মহিলা ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। আতঙ্কিত ওই মহিলা টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি শিবির।
অভিযোগ অনুযায়ী, শনিবার নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন কৌস্তভ বাগচী। সেই সময় এক মহিলার বাড়িতে গিয়ে তিনি জানতে চান, আসন্ন নির্বাচনে কাকে ভোট দেবেন। ওই মহিলা জানান, তিনি তৃণমূলকে সমর্থন করেন। এরপরই নাকি ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি প্রার্থী এবং তাঁকে হুমকি দেন—৪ মে ফল ঘোষণার পর দেখে নেওয়া হবে বলেও অভিযোগ।
এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। তিনি সরাসরি টিটাগড় থানায় গিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কৌস্তভ বাগচী। তাঁর দাবি, তিনি শুধু ভোট চাইতে গিয়েছিলেন। মহিলাকে নিজের দলকে ভোট দেওয়ার অনুরোধ করলেও, শেষ পর্যন্ত তিনি বলেন—যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারেন। পাশাপাশি অভিযোগ করেন, তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী বুঝে গিয়েছেন যে তিনি হেরে যেতে পারেন, তাই এমন বিষয়কে ইস্যু করা হচ্ছে।
এই ঘটনার পর পালটা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। তাঁর বক্তব্য, ভয় দেখানো বা হুমকি দেওয়া বাংলার সংস্কৃতি নয়। মানুষের ভোটই সব কিছুর জবাব দেবে বলে তিনি দাবি করেন।
ভোটের দিন যত এগিয়ে আসছে, বারাকপুরে রাজনৈতিক উত্তাপও ততই বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


