মেলোনিকে ‘মেলোডি’ উপহার নিয়ে মোদীকে খোঁচা মমতার, “ওটা বাচ্চাদের দিলেও পারতেন”

Spread the love

‘মেলোডি’ টফি ঘিরে যখন সমাজমাধ্যম সরগরম, তখন সেই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফলপ্রকাশের দিন ফেসবুক লাইভে এসে একদিকে যেমন ভোটে কারচুপির অভিযোগ তুললেন, তেমনই বিদেশ সফর ও ‘মেলোডি’ উপহার নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী।

মমতার দাবি, এই বিধানসভা ভোটে তৃণমূলকে মানুষের রায়ে হারানো হয়নি। পরিকল্পিতভাবে তাঁদের হারানো হয়েছে। নির্বাচন কমিশন ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একযোগে নিশানা করে তিনি বলেন, বাংলাকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে।

এরপরই উঠে আসে ভাইরাল ‘মেলোডি’ প্রসঙ্গ। সম্প্রতি ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় জোর চর্চা। আর সেই নিয়েই খোঁচা দিয়ে মমতা বলেন, “চকোলেট ইটালির প্রধানমন্ত্রীকে না দিয়ে দেশের বাচ্চাদের দিলেও পারতেন। বাচ্চারাই তো চকোলেট বেশি খায়।”

শুধু উপহার কূটনীতি নয়, দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মমতার প্রশ্ন, দেশের অর্থনীতি যখন চাপে, তখন প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত জ্বালানি খরচ হচ্ছে? একইসঙ্গে রান্নার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, ভোটের আগে দাম কমিয়ে স্বস্তির বার্তা দেওয়া হলেও ভোট মিটতেই ফের বাড়তে শুরু করেছে দাম।

লাইভে মমতা আরও বলেন, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতেই হিমশিম খাচ্ছেন। অথচ কেন্দ্র মানুষের সমস্যার বদলে রাজনৈতিক প্রতিহিংসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *