দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব বামনেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু এবার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির হয়ে আদালতে সওয়াল করতেই তীব্র বিতর্কের মুখে পড়লেন তিনি। রাজনৈতিক মহলের পাশাপাশি বাম শিবিরের অন্দরেও উঠছে প্রশ্ন— যে ব্যক্তি দীর্ঘদিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি কীভাবে দুর্নীতির অভিযোগে ঘেরা নেতাদের পাশে দাঁড়ালেন?
সম্প্রতি গুজব ছড়ায়, প্রাক্তন বিধায়কের স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা যায়, সেই খবর সম্পূর্ণ ভুয়ো। তবে এর পরেই সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি। তাঁদের পক্ষেই আদালতে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বামেদের একাংশের দাবি, যিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সরব থেকেছেন, তাঁর এই পদক্ষেপ আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে কটাক্ষ। দলের বহু কর্মী-সমর্থক প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন।
বিতর্ক আরও বাড়িয়ে বাম নেতা শতরূপ ঘোষ সরাসরি বলেন, “আমি চাই বিকাশদা এই মামলা হেরে যান।” তাঁর এই মন্তব্য ঘিরে বাম রাজনীতির অন্দরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
যদিও সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন বিকাশরঞ্জন নিজেই। তাঁর বক্তব্য, একজন আইনজীবীর কাজ আদালতে নিজের মক্কেলের হয়ে সওয়াল করা। ব্যক্তিগত মতাদর্শ ও পেশাগত দায়িত্বকে এক করে দেখা উচিত নয় বলেও দাবি তাঁর। একইসঙ্গে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “যারা এসব নিয়ে বিতর্ক করছে, তারা বিষয়টা বুঝছে না।”


