হেঁটে গিয়ে অভিষেকের খোঁজ নিলেন মমতা, বাড়িতেই চলছে চিকিৎসা

Spread the love

সোনারপুরে হামলার ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গুরুতর আঘাত না থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অভিষেকের বাসভবনে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেকের চিকিৎসার জন্য বাড়িতেই রয়েছেন দুই চিকিৎসক। শনিবারের ঘটনার পর থেকে তিনি বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা এবং ব্যথার সমস্যায় ভুগছেন। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ চললেও আপাতত তাঁকে বেড রেস্টে রাখা হয়েছে। শনিবার গভীর রাত পর্যন্তও তাঁর পাশে ছিলেন মমতা।
উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসায় নিহত ও আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শনিবার সোনারপুরে গিয়েছিলেন অভিষেক। সেই সময়ই বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, তাঁর কনভয়ের দিকে ডিম ও ইটের টুকরো ছোড়া হয়। বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তাঁর জামাও ছিঁড়ে যায়। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
এরপর কলকাতার দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর আঘাত না থাকায় ভর্তি করা হয়নি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে চিকিৎসকদের পরামর্শে এখনও জনসমক্ষে আসছেন না তিনি।
এই ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে তৃণমূল। বিভিন্ন জায়গায় বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার খবরও সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *