আমেরিকান পপ তারকা কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে। মন্ট্রিয়লে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে রেস্তোরাঁয় দেখা যাওয়া— একের পর এক ঘটনায় জোরালো হয় প্রেমের জল্পনা। পরে বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের যুগল উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দেয়।
সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর থেকেই কেটি ও জাস্টিনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে কেটির মিউজিক ভিডিও ‘Katy Perry: The Lifetimes Tour – Live From Paris’-এর প্রিমিয়ারে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে হাঁটেন তাঁরা। এরপর থেকেই এই জুটিকে ঘিরে আগ্রহ ক্রমশ বেড়েছে।
এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানেও নজর কেড়ে নিলেন কেটি-জাস্টিন। ক্যালিফোর্নিয়ার ইংগলউডের সোফাই স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পারফর্ম করেন কেটি পেরি। সিলভার গাউনে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় গান ‘Wonder’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। গানের বিশেষ অংশে তাঁর সঙ্গে কণ্ঠ মেলায় ১০ বছরের নরওয়েজিয়ান শিল্পী টিয়াস লুকার।
তবে কেটির পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে অনুষ্ঠান-পরবর্তী একটি মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠান শেষ হতেই জাস্টিন ট্রুডোর কাছে ছুটে যান কেটি। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন এবং প্রকাশ্যেই চুম্বন করেন। তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্ত মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতেও একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা জুটিকে। হাতে হাত রেখে স্টেডিয়ামে বসে খেলা দেখার একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ফলে বিশ্বকাপের উন্মাদনার মাঝেও কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেমই এখন নেটিজেনদের অন্যতম আলোচনার বিষয়।


