ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে এই সম্মান গ্রহণ করে নিজের দীর্ঘ অভিনয় জীবনে আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন তিনি।
সম্মান ঘোষণার পর থেকেই চলচ্চিত্র জগতের সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই মাধবনের স্ত্রী সরিতা মাধবন স্বামীর উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন, যা নজর কেড়েছে নেটিজেনদের।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে মাধবনের পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সরিতা, মা সরোজা রঙ্গনাথন এবং ছেলে বেদান্ত মাধবন। তাঁরা গর্বভরে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন এবং করতালির মাধ্যমে অভিনেতাকে অভিনন্দন জানান।
অভিনয়, সমাজসেবা এবং ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদ্মশ্রী সম্মান পেয়ে উচ্ছ্বসিত মাধবন ও তাঁর পরিবার।


