মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোর জল্পনা তৈরি হয়েছে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র ভবিষ্যৎ নিয়ে। দলীয় সূত্রের দাবি, কংগ্রেসের সঙ্গে এনসিপি (এসপি)-র সংযুক্তি বা মার্জার নিয়ে দুই পক্ষের আলোচনা অনেকটাই এগিয়েছে। যদিও প্রকাশ্যে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শরদ পওয়ার।
সূত্রের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজের দলকে শক্তিশালী ভিত্তি দেওয়ার পথ খুঁজছেন শরদ পওয়ার। প্রথমে অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও তা বাস্তবায়িত হয়নি। এরপর কংগ্রেসের সঙ্গে সংযুক্তির সম্ভাবনাই গুরুত্ব পেয়েছে বলে দাবি করা হচ্ছে।
দলীয় সূত্রের আরও দাবি, শরদ পওয়ার কংগ্রেসে যোগ দিতে নীতিগতভাবে আপত্তি না করলেও কয়েকটি শর্ত রেখেছেন। তার মধ্যে অন্যতম, তাঁর মেয়ে সুপ্রিয়া সুলেকে কংগ্রেসের সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ দেওয়া এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে এনসিপি (এসপি)-র প্রতিনিধিত্ব নিশ্চিত করা। পাশাপাশি মহারাষ্ট্র কংগ্রেস নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
তবে প্রকাশ্যে শরদ পওয়ার সমস্ত জল্পনা নস্যাৎ করেছেন। তাঁর বক্তব্য, এনসিপি (এসপি) একটি স্বাধীন রাজনৈতিক দল এবং দলের কোনও সাংসদ দলত্যাগ করবেন না। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই অবস্থান কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য দর-কষাকষিতে চাপ তৈরির কৌশলও হতে পারে।
উল্লেখ্য, একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সম্ভাব্য সমীকরণ নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।


