বলিউডে আমির খান মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। নতুন ছবি হোক কিংবা ব্যক্তিগত জীবন—সবকিছুই থাকে খবরের শিরোনামে। সম্প্রতি গৌরি স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে এই তৃতীয় বিয়েকে ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন মহল—সব জায়গাতেই শুরু হয়েছে জোর আলোচনা। সেই বিতর্কে এবার নিজের মত জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।
সম্প্রতি রুবিনা দিলাইকের সঙ্গে সঞ্চালিত পডকাস্ট the4POV-এ অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছিল। কথার সূত্রে উঠে আসে আমির খানের সাম্প্রতিক বিয়ের প্রসঙ্গ। রুবিনার মতে, কোনও তারকার ব্যক্তিগত সিদ্ধান্ত অনেক সময় দর্শকের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। সেই মন্তব্যের জবাবে হিনা খান বলেন, “তাহলে তো আমির খানের কোনও ছবিই সফল হওয়ার কথা ছিল না।”
রুবিনা যখন বলেন, আমির বরাবরই বড় বিতর্ক এড়িয়ে চলেছেন, তখনই পাল্টা প্রশ্ন তোলেন হিনা। তাঁর কথায়, “তৃতীয় বিয়ে কি কম বিতর্কের বিষয়?”
তবে সঙ্গে সঙ্গেই নিজের অবস্থানও স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি জানান, আমির খানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন না। বরং সমাজের প্রচলিত মানসিকতার কথাই তুলে ধরছেন। হিনার মতে, একজন সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে—”আবার বিয়ে? আগের সম্পর্কও টিকল না?”
হিনা আরও বলেন, “আমাদের সমাজ এখনও বারবার বিয়ে করাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না।” তাঁর এই মন্তব্যে সায় দেন রকি জয়সওয়ালও। তিনি বলেন, “শুধু একাধিক বিয়েই নয়, আমাদের সমাজে বিবাহবিচ্ছেদও এখনও সহজভাবে গ্রহণ করা হয় না।”
উল্লেখ্য, চলতি মাসের ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে গৌরি স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান।
আমিরের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় অধ্যায়। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে জন্ম হয় দুই সন্তান জুনায়েদ ও ইরা খানের। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদ। ২০২১ সালে কিরণের সঙ্গেও আলাদা হওয়ার ঘোষণা দেন অভিনেতা। যদিও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।


