বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসব ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM)-এর ১৭তম আসরে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলা সিনেমা। ১৩ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য, বৈচিত্র্য এবং সমকালীন সৃজনশীলতাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা হবে।
এবারের উৎসবে স্থান পেয়েছে রঞ্জন ঘোষের ‘অদম্য’, শমীক রায়চৌধুরীর ‘মায়া সত্য ভ্রম’, রুদ্রজিৎ রায়ের ‘পিঞ্জর’, চন্দ্রাশিস রায়ের ‘পড়শি’, নীল দত্তের ‘বিয়ে ফিয়ে নিয়ে’-সহ একাধিক বাংলা ছবি। পাশাপাশি প্রদর্শিত হবে শর্ট ফিল্ম ‘Jasmine That Blooms in Autumn’।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলা সিনেমার স্বর্ণযুগের অনন্য সৃষ্টি ‘সপ্তপদী’-র রেস্টোরড সংস্করণ। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত এই কালজয়ী ছবিটি নতুন প্রযুক্তিতে পুনরুদ্ধারের পর আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হবে, যা সিনেমাপ্রেমীদের কাছে বড় আকর্ষণ হতে চলেছে।
পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্র, ক্লাসিক সিনেমা এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র—সব মিলিয়ে বাংলা সিনেমার বিস্তৃত পরিসরই তুলে ধরবে এবারের IFFM। আয়োজকদের লক্ষ্য, ভারতীয় সিনেমার বহুমাত্রিক ঐতিহ্যের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের শক্তিশালী শিল্পভাষাকেও বিশ্বদর্শকের কাছে আরও পৌঁছে দেওয়া।


