অপারেশন থিয়েটারে সাধারণত শোনা যায় চিকিৎসকদের ব্যস্ত কথাবার্তা, যন্ত্রপাতির শব্দ। কিন্তু সেই জায়গাতেই যদি অস্ত্রোপচারের মাঝখানে ভেসে আসে মোহাম্মদ রফির কালজয়ী গান! এমনই অবাক করা কাণ্ড ঘটালেন সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটার থেকেই গান গেয়ে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জনপ্রিয় এই গায়ক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক ডক্টর নীলেশ সাতভাই এবং তাঁর টিমের সামনে গান গাইছেন সোনু। বেছে নিয়েছেন ১৯৪৯ সালের ছবি ‘দুলারি’-র বিখ্যাত গান ‘সুহানি রাত ঢল চুকি’। ভিডিওর সঙ্গে সোনু লিখেছেন, “আমার অস্ত্রোপচারের সময় প্রিয় ডক্টর নীলেশ সাতভাই এবং তাঁর ভালোবাসায় ভরা টিমের জন্য হঠাৎই এই পারফরম্যান্স। ব্যথার মধ্যেও গান গাওয়ার আনন্দ!”
সোনুর গানের পছন্দও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোহাম্মদ রফির গাওয়া ‘সুহানি রাত ঢল চুকি’ হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় ক্লাসিক গান। সাত দশকেরও বেশি সময় পেরিয়েও যে গানের আবেদন এতটুকু কমেনি। রফির প্রতি সোনু নিগমের শ্রদ্ধার কথাও কারও অজানা নয়। আর নিজের জীবনের এমন এক কঠিন মুহূর্তে সেই রফির গানকেই বেছে নেওয়া যেন আরও একবার বুঝিয়ে দিল, তাঁর কাছে গান শুধুমাত্র পেশা নয়—জীবনের অবিচ্ছেদ্য অংশ।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই উদ্বেগের পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, “এত সুন্দর কণ্ঠ, নিজের যত্ন নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।” আবার কেউ সোনুর কণ্ঠকে ঈশ্বরের কণ্ঠের সঙ্গে তুলনা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
ঠিক কী কারণে সোনুর অস্ত্রোপচার হয়েছে, তা এখনও প্রকাশ করেননি গায়ক। তবে জুন মাসে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে একটি যন্ত্রণাদায়ক স্নায়ুজনিত সমস্যার সঙ্গে লড়াই করছেন। একাধিক MRI এবং CT স্ক্যান করানোর পাশাপাশি ওষুধও চলছিল তাঁর। বর্তমান অস্ত্রোপচার সেই চিকিৎসারই অংশ বলে মনে করা হলেও, চিকিৎসার বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য এখনও দেননি সোনু।
দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে ‘অভি মুঝ মে কহিঁ’, ‘কাল হো না হো’, ‘সুরজ হুয়া মদ্ধম’, ‘ম্যায় আগর কহুঁ’, ‘সাথিয়া’-র মতো অসংখ্য গান উপহার দিয়েছেন সোনু নিগম। তাঁর কণ্ঠে রোম্যান্টিক গান থেকে শুরু করে আবেগঘন ও শাস্ত্রীয় ঘরানার গান—সবই পেয়েছে আলাদা মাত্রা। আর এবার অপারেশন থিয়েটারের সেই অদ্ভুত মুহূর্ত যেন আরও একবার প্রমাণ করল, সোনু নিগমের কাছে গান কোনও নির্দিষ্ট সময়ের কাজ নয়, গান তাঁর অস্তিত্বেরই অংশ।


