বাদশা-ইশার সম্পর্কে পড়ল ইতি, বিয়ের কয়েক মাসেই ভাঙন

Spread the love

নতুন সংসারের গল্পটা শেষ পর্যন্ত দীর্ঘ হল না। বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন র‌্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। এতদিন তাঁদের সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছিল, সোমবার সমাজমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে তাতেই সিলমোহর দিলেন দু’জন।

বাদশা ও ইশা জানিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করেই পৃথক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সম্পর্কের ইতি ঘটলেও একে অপরের প্রতি সম্মান অটুট থাকবে বলেই জানিয়েছেন দু’জন। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনওরকম আলোচনা বা অনুমান না করার অনুরোধও করেছেন।

বিয়ের পর অবশ্য ছবিটা ছিল একেবারেই অন্যরকম। সমাজমাধ্যমে একসঙ্গে নানা মুহূর্তের ছবি ও পোস্ট দেখে তাঁদের দাম্পত্য বেশ সুখের বলেই মনে হয়েছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় দূরত্বের গুঞ্জন। বিশেষ করে জুলাইয়ে ইশার একটি পোস্ট ঘিরে বিচ্ছেদের জল্পনা আরও বাড়ে।

এর আগে জ্যাসমিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল বাদশার। সেই সম্পর্কে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। প্রথম বিয়ে ভাঙার পর ইশার সঙ্গে সম্পর্কে জড়ান র‌্যাপার। চলতি বছরের মার্চের শেষদিকে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। নতুন করে সংসার শুরু করার পরও সেই সম্পর্ক স্থায়ী হল না।

শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হল। দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই ইশা ও বাদশা দু’জনেই জানিয়ে দিলেন, এবার তাঁদের পথ আলাদা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *