আমেরিকার উড়ান বিপর্যয়ের পরই মায়ামিতে ভয়াবহ সংঘর্ষ, রানওয়েতে মুখোমুখি দুই বিমান

Spread the love

আমেরিকার আকাশপথে শুক্রবারের ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মায়ামি বিমানবন্দরে বড়সড় বিমান দুর্ঘটনা। রানওয়েতে মুখোমুখি এসে পড়া দুই বিমান সজোরে ধাক্কা মারে। একটি যাত্রীবাহী কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭, অন্যটি ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো বিমান। দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে কোপা এয়ারলাইন্স। তবে বাকিরা নিরাপদে রয়েছেন।

ভারতীয় সময় রবিবার সকালে ঘটনাটি ঘটে। মার্কিন স্থানীয় সময় শনিবার রাত সওয়া ৯টা নাগাদ মায়ামি বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। এটিএস রাডারের ভিডিয়োয় দেখা গিয়েছে, একে অপরকে আড়াআড়িভাবে অতিক্রম করা দুই রানওয়ের দিকে এগোচ্ছিল বিমান দু’টি। একটি রানওয়ে ধরে বাঁ দিক থেকে ডান দিকে এগোচ্ছিল যাত্রীবাহী বিমান। ঠিক সেই সময় উলটো দিক থেকে আসা কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ হয়।

ধাক্কার জেরে ইউপিএসের কার্গো বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোপা এয়ারলাইন্সের বিমানের ডানারও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও বিমান ভেঙে পড়েনি। বিমানে থাকা ১৬৬ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মীকে নিরাপদে নামিয়ে আনা হয়। কয়েকজন যাত্রী জানিয়েছেন, আচমকা প্রবল ধাক্কায় বিমানের ভিতর তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

তবে এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বিমান চলাচল নিয়েই। একই সময়ে এমনভাবে দুই বিমানকে কী করে ওই রানওয়ের দিকে এগোনোর অনুমতি দেওয়া হল? এটিএস রাডারের তথ্য সামনে আসার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আর এর ঠিক আগের দিনই নজিরবিহীন সমস্যায় পড়েছিল মার্কিন বিমান পরিষেবা। শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় আমেরিকা থেকে বাইরে যাওয়ার বহু বিমান বাতিল করা হয়। গ্রাউন্ডে থাকা উড়ানগুলির পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ১১ হাজার উড়ান ওই প্রযুক্তিগত সমস্যার কারণে প্রভাবিত হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই প্রথম আমেরিকার আকাশপথে এমন বড় মাপের নিষেধাজ্ঞা দেখা গিয়েছিল। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মায়ামিতে দুই বিমানের সংঘর্ষে ফের প্রশ্নের মুখে পড়ল মার্কিন বিমান নিরাপত্তা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *