তৃণমূল ছেড়ে নতুন দল, তার পর এনডিএ-কে সমর্থন—এই রাজনৈতিক সিদ্ধান্তের জেরেই এবার লোকসভার স্পিকারের প্রশ্নের মুখে পড়েছিলেন ২০ সাংসদ। তাঁদের সাংসদপদ কেন খারিজ করা হবে না, দলত্যাগ বিরোধী আইনই বা তাঁদের ক্ষেত্রে কার্যকর হবে না কেন—জানতে চেয়েছিলেন স্পিকার ওম বিড়লা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে নির্ধারিত সময়সীমার শেষ দিনে পৃথক চিঠিতে নিজেদের অবস্থান জানালেন তৃণমূলত্যাগী ওই সাংসদেরা।
গত ১৮ জুন ২০ সাংসদের সাংসদপদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। উল্টে এনসিপিআই-এর সাংসদ হিসাবেও তাঁদের স্বীকৃতি মেলেনি। স্পিকারের সিদ্ধান্তে দেরি হচ্ছে অভিযোগ তুলে পরে সুপ্রিম কোর্টে যান অভিষেক।
২৫ অগস্ট ওই ২০ সাংসদকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের বক্তব্যও জানতে চায় শীর্ষ আদালত। এরপরই লোকসভা সচিবালয়ের তরফে সংশ্লিষ্ট সাংসদদের কাছে পৌঁছয় নোটিস। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার কারণ কী, তাঁদের রাজনৈতিক অবস্থান কী এবং দলত্যাগ বিরোধী আইন কেন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না—মূলত এই প্রশ্নগুলির উত্তর চাওয়া হয়।
তবে জবাব দিতে বারবার সময় চেয়েছিলেন ওই ২০ সাংসদ। মোট পাঁচ বার সময় বাড়ানোর আবেদন করা হয়। প্রতিবারই তা মঞ্জুর করা হয়। শেষ বার স্পিকারের সচিবালয় জানিয়ে দেয়, ২৪ নভেম্বর পর্যন্তই সময়। এরপর আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না।
আর সেই শেষ দিনেই স্পিকারের দরজায় পৌঁছল ২০টি আলাদা চিঠি।
ঠিক কী জানিয়েছেন তাঁরা? বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অবশ্য চিঠির বিস্তারিত বিষয় প্রকাশ্যে আনতে চাননি। তাঁর বক্তব্য, স্পিকার যে প্রশ্নগুলি করেছিলেন, সেগুলিরই জবাব দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের অবস্থান স্পষ্ট করে অরূপ বলেন, “ভারতীয় সংবিধান-বহির্ভূত কোনও কাজ আমরা করিনি।”
কেন তৃণমূল ছেড়ে নতুন দল? অরূপের ব্যাখ্যা, বিধানসভা নির্বাচনের পর তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে সাংসদেরা বৈঠকে বসেছিলেন। সংগঠন এবং মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে গেলে তাঁদের একটি নতুন রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন—সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তাঁরা এনসিপিআই-তে যোগ দেন। শুধু দল গঠনই নয়, এনডিএ-কে সমর্থনের কথাও প্রকাশ্যে জানান তাঁরা।
এখন প্রশ্ন একটাই—২০ সাংসদের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হবেন কি স্পিকার? নাকি তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের খাঁড়া নামবে? স্পিকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


