১৬ ডিসেম্বর বাংলাদেশে বড়সড় প্রত্যাবর্তনের ছক হাসিনার! ব্যর্থ হলে সীমান্ত পেরোবেন পায়ে হেঁটেই, ৯টি প্রবেশপথ চিহ্নিত

Spread the love

বাংলাদেশে ফেরার দিনক্ষণ কার্যত ঘোষণা করে দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। আর সেই প্রত্যাবর্তনের পথে বাধা এলেও পিছিয়ে আসার কোনও প্রশ্ন নেই। প্রয়োজনে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পায়ে হেঁটেই দেশে ঢুকতে প্রস্তুত হাসিনা। এমনই বিস্ফোরক দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে।

আরিনের দাবি, হাসিনার দেশে ফেরার জন্য ভারত-বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ইতিমধ্যেই ন’টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করা হয়েছে। এই পরিকল্পনা কোনও আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং অত্যন্ত সুচিন্তিত প্রস্তুতি বলেই দাবি তাঁর। গত ১৮ মাসে বাংলাদেশের ৩০০টি জেলার দলীয় কর্মীদের সঙ্গে ৩০০-রও বেশি বৈঠক করেছেন হাসিনা। কর্মীদের অভাব-অভিযোগ শোনা থেকে শুরু করে দেশের রাজনৈতিক পরিস্থিতি বোঝা, সবকিছুই চলছে বলে জানিয়েছেন আরিন।

হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে আরও বড় জমায়েতের পরিকল্পনার কথাও সামনে এনেছেন তিনি। তাঁর দাবি, সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মানুষকে পথে নামিয়ে মানবশৃঙ্খল তৈরি করতে পারে আওয়ামি লিগ। হাসিনাকে স্বাগত জানাতে দলের সাংগঠনিক শক্তি যথেষ্ট বলেই দাবি তাঁর।

তবে হাসিনার ফেরার পরিকল্পনায় বাংলাদেশের সরকারের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ডিসেম্বর মাসে হাসিনার দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর কটাক্ষ, ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরবেন না, শুধু শীত আসবে। তাঁকে ফিরিয়ে আনতে হলে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমেই আনতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে হাতকড়া পরিয়ে বিমানে অথবা কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে ফিরিয়ে আনার কথাও বলেছেন মন্ত্রী।

বাংলাদেশের দাবি, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা-সহ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ভারতের হাতে তুলে দেওয়া উচিত। এ বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন হুমায়ুন কবির।

এদিকে, বাংলাদেশে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ছবিও ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। গোপালগঞ্জকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, নিষিদ্ধ আওয়ামি লিগের সমর্থকদের বিরুদ্ধে থানায় হামলা, গাড়িতে আগুন এবং বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। নভেম্বর মাসেই রাজনৈতিক হিংসায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে দু’জন সাধারণ নাগরিক। ছ’টি মৃত্যুর সঙ্গে সরাসরি রাজনৈতিক অস্থিরতার যোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র সরকারবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় আওয়ামি লিগকে। এবার সেই বাংলাদেশেরই বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে দেশে ফেরার দিন হিসেবে বেছে নিয়েছেন তিনি বলে দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের। একদিকে হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতির দাবি, অন্যদিকে বাংলাদেশের সরকারের কড়া অবস্থান—সব মিলিয়ে ডিসেম্বরের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *