বিশ্বমঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অভিরূপ চ্যাটার্জী। চলতি বছরের মর্যাদাপূর্ণ ‘গুগল পিএইচডি ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এই গবেষক। বিশ্বের ৩৮টি দেশের ১৪৮ জন গবেষকের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। মেশিন লার্নিং এবং এমএল ফাউন্ডেশন বিভাগে নির্বাচিত ৪৩ জনের তালিকায় রয়েছেন অভিরূপ। এই বিভাগে ভারত থেকে নির্বাচিত মাত্র তিনজন গবেষকের একজন তিনি। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার কোনও গবেষক এই সম্মান অর্জন করলেন।
দুর্গাপুরে স্কুলশিক্ষা সম্পন্ন করা অভিরূপের ছোটবেলা থেকেই কোডিংয়ের প্রতি বিশেষ আগ্রহ। গবেষণার পাশাপাশি অবসর সময়ে গান গাইতেও ভালোবাসেন তিনি। তাঁর বাবা পেশায় চিকিৎসক, মা গৃহিণী। বর্তমানে তাঁর গবেষণার মূল বিষয় ‘লো-ওভারহেড রিপ্রেজেন্টেশন লার্নিং’ পদ্ধতির উন্নয়ন। বড় এআই মডেলকে বারবার নতুন করে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্র এবং জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্সের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই সমস্যা বড় বাধা হয়ে দাঁড়ায়। কীভাবে কম খরচে ও কম সময়ে এই মডেলগুলিকে নতুন পরিস্থিতির উপযোগী করে তোলা যায়, সেই চ্যালেঞ্জেরই সমাধান খুঁজছেন অভিরূপ।
নিজের এই সাফল্যের পিছনে গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপিকা সুস্মিতা ঘোষের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছেন তিনি। অভিরূপের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, সহ-উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত এবং বিভাগীয় প্রধান সুস্মিতা ঘোষ এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, Google.org-এর বৈজ্ঞানিক অগ্রগতির অধিকর্তা লেসলি ইয়ের বক্তব্য, তরুণ গবেষকদের স্বাধীনভাবে গবেষণা ও নতুন উদ্ভাবনের সুযোগ করে দেওয়াই এই ফেলোশিপের অন্যতম উদ্দেশ্য। অভিরূপের এই সাফল্য নিঃসন্দেহে বাংলার উচ্চশিক্ষা ও গবেষণার জগতে এক বড় প্রাপ্তি।


