গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন দমদমের এই প্রবীণ সাংসদ। সাম্প্রতিক সময়ে তার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণও দেখা যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় অবশেষে সোমবার তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তার মধ্যে অসংলগ্ন কথা বলা, স্মৃতিভ্রংশ এবং আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার শারীরিক কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌগত রায়। চলতি বছরের এপ্রিলে দিঘায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি, তখন তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছিল। সেই ধাক্কা সামলে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরলেও, নতুন করে স্নায়ুর জটিলতা পরিস্থিতিকে চিন্তাজনক করে তুলেছে।
তাঁর পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে, এই সময় যেন তাঁর আরোগ্য কামনা করে সকলে পাশে থাকেন। দলীয় নেতৃত্ব ও সহকর্মীরাও নিয়মিত খোঁজ রাখছেন সৌগত রায়ের শারীরিক পরিস্থিতির।


